Views Bangladesh Logo

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই

‘জুরাসিক পার্ক’খ্যাত নিউজিল্যান্ডের অভিনেতা স্যাম নিল আর নেই। ৭৮ বছর বয়সে সোমবার সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

তার পরিবার এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে তার মৃত্যু ‘আকস্মিক ও অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করা হয়েছে।

পরিবার জানায়, স্বজনদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যাম নিল। বিবৃতিতে বলা হয়, সারা জীবনের মতোই তিনি মর্যাদার সঙ্গে বিদায় নিয়েছেন।

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র জুরাসিক পার্ক-এ ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি।

২০২৩ সালে প্রকাশিত আত্মজীবনীতে স্যাম নিল জানান, তিনি তৃতীয় পর্যায়ের নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তবে চলতি বছর তিনি জানান, রোগপ্রতিরোধ ব্যবস্থাভিত্তিক জিনগত চিকিৎসার মাধ্যমে ক্যান্সারমুক্ত হয়েছেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্যান্সারমুক্তই ছিলেন এবং তার মৃত্যু ক্যান্সারজনিত ছিল না।

১৯৭০-এর দশকে অভিনয়জীবন শুরু করা স্যাম নিল দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র ও টেলিভিশনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দ্য হান্ট ফর রেড অক্টোবর, দ্য পিয়ানো এবং পিকি ব্লাইন্ডার্স।

অভিনয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের সেন্ট্রাল ওটাগো অঞ্চলে নিজের আঙুরের বাগান পরিচালনা করতেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ