জুনিয়র বৃত্তির ফল প্রকাশ, নির্বাচিত ৪৬ হাজার ২০০ জন
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দুই ক্যাটাগরিতে মোট ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৩১ হাজার ৫০০ জন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে মোট ৪৬ হাজার ২০০ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডে ট্যালেন্টপুলে ৩,৬৩৫ জন, সাধারণে ৭,৭৯০ জন; ময়মনসিংহ বোর্ডে ট্যালেন্টপুলে ৯৬৭ জন, সাধারণে ২,০৭৩ জন; রাজশাহী বোর্ডে ট্যালেন্টপুলে ১,৯২৬ জন, সাধারণে ৪,১২৮ জন; কুমিল্লা বোর্ডে ট্যালেন্টপুলে ১,৬৭৭ জন, সাধারণে ৩,৫৯৩ জন; সিলেট বোর্ডে ট্যালেন্টপুলে ৯৪৮ জন, সাধারণে ২,০৩০ জন; বরিশাল বোর্ডে ট্যালেন্টপুলে ৮৭৩ জন, সাধারণে ১,৮৭১ জন; যশোর বোর্ডে ট্যালেন্টপুলে ১,৬৬২ জন, সাধারণে ৩,৫৬১ জন; চট্টগ্রাম বোর্ডে ট্যালেন্টপুলে ১,২১০ জন, সাধারণে ২,৫৯৩ জন; দিনাজপুর বোর্ডে ট্যালেন্টপুলে ১,৮০২ জন, সাধারণে ৩,৮৬১ জন বৃত্তি পেয়েছেন।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৪৫০ টাকা, সাধারণ ক্যাটাগরির শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা পাবেন। এই অর্থ নবম ও দশম শ্রেণি পর্যন্ত (দুই বছর) প্রদান করা হবে। পাশাপাশি বছরে এককালীন অনুদানও দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি দেশের ৬১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে