Views Bangladesh Logo

জুন-জুলাইয়ে ২০২৩ সালের তুলনায় লোডশেডিং কম ছিল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০২৬ সালের জুন ও জুলাই মাসে গড় লোডশেডিং ২০২৩ সালের একই সময়ের তুলনায় কম ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের শেষ পূর্ণ বছর ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন ও জুলাইয়ে লোডশেডিং কম ছিল। ২০২৩ ও ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্টের গড় লোডশেডিংয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, জুন ও জুলাইয়ে ২০২৬ সালে লোডশেডিংয়ের পরিমাণ আগের তুলনায় কম ছিল। তবে আগস্টে পরিস্থিতির বড় পরিবর্তন হয়।

তিনি জানান, ২০২৩ সালের জুনে প্রতিদিন গড়ে ৯৬৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। ২০২৬ সালের জুনে তা কমে দাঁড়ায় ৭৪১ মেগাওয়াটে। একইভাবে ২০২৩ সালের জুলাইয়ে গড় লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা চলতি বছরের জুলাইয়ে ছিল ৪৬০ মেগাওয়াট।

তবে আগস্টে চিত্র ছিল ভিন্ন। ২০২৩ সালের আগস্টে গড় লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট। ২০২৬ সালের আগস্টে তা বেড়ে ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে দাঁড়ায়।

আগস্টে লোডশেডিং বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ওই মাসে কী ধরনের সংকট তৈরি হয়েছিল, তা সবারই জানা। ফলে ওই সময়ে লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেড়েছিল। তবে জুন ও জুলাইয়ের হিসাবে চলতি বছরের পরিস্থিতি ২০২৩ সালের তুলনায় ভালো ছিল।

বর্তমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাসের যে সংকট তৈরি হয়েছিল, তা কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। ফলে বর্তমান সংকটও তীব্র থাকবে না বলে আশা করা হচ্ছে।

রাজধানীতে লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ঢাকাকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরকার সরে আসছে। এ কারণে রাজধানীতেও কিছুটা লোডশেডিং হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল। তবে ঢাকায় তা খুব একটা দেওয়া হতো না। ঢাকার মানুষের ‘ভয়েস’ ও সামাজিক পুঁজি বেশি থাকায় রাজধানীকে লোডশেডিংয়ের বাইরে রাখা হতো।

জাহেদ উর রহমান বলেন, রাজধানীতেও কিছুটা বিদ্যুৎ সংকট সবাইকে মেনে নিতে হবে। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ