Views Bangladesh Logo

জুলাইয়ে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বেড়েছে: এমএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা কিছুটা কমলেও ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। একই সময়ে যৌন হয়রানির ঘটনাও সামান্য বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার প্রকাশিত এমএসএফের জুলাই ২০২৬ পর্যবেক্ষণ প্রতিবেদনে জুন ও জুলাই মাসে নারী ও শিশু নির্যাতন, মাদক এবং অনলাইন জুয়া–সংক্রান্ত ঘটনার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জুনে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা ছিল ৩২০টি, যা জুলাইয়ে কমে ৩০৬টিতে নেমে এসেছে। তবে ধর্ষণের ঘটনা ৬৮ থেকে বেড়ে ৯০টিতে পৌঁছেছে। একইভাবে আত্মহত্যার ঘটনা ১৭ থেকে বেড়ে হয়েছে ২৮টি। যৌন হয়রানি ও শ্লীলতাহানির ঘটনাও ২১ থেকে বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে।

এমএসএফ বলছে, মোট ঘটনার সংখ্যা কমলেও সহিংসতার ধরন আরও জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে ধর্ষণ ও আত্মহত্যার উচ্চ হার নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা, সামাজিক চাপ এবং দায়মুক্তির সংস্কৃতির ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই মাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ১৬ থেকে কমে ৭টিতে নেমেছে। ধর্ষণের পর হত্যার ঘটনা ৫ থেকে কমে ৩টি, শারীরিক নির্যাতন ৫৬ থেকে ৪২টি এবং হত্যার ঘটনা ৭৬ থেকে ৫২টিতে নেমে এসেছে। তবে অপহরণ ও নিখোঁজের ঘটনা ১২ থেকে বেড়ে ১৩টিতে দাঁড়িয়েছে। এসিড হামলার ঘটনা জুন ও জুলাই—উভয় মাসেই একটি করে ঘটেছে।

জুলাই মাসে দুটি ধর্ষণচেষ্টা ও একটি ধর্ষণের ঘটনাসহ মোট তিনটি ফৌজদারি অপরাধ স্থানীয় সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমএসএফের মতে, এ ধরনের গুরুতর অপরাধ সালিসে মীমাংসা করা বিচারব্যবস্থার প্রতি আস্থাহীনতার প্রতিফলন এবং দায়মুক্তির সংস্কৃতিকে উৎসাহিত করে।

অনলাইন জুয়া–সংক্রান্ত ঘটনায় জুলাই মাসে কোনো হতাহত না হলেও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুনে এ ধরনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমএসএফ বলছে, এটি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, অনলাইন জুয়ার বিস্তার তরুণদের মধ্যে অর্থনৈতিক শোষণ, পারিবারিক সহিংসতা, মানসিক স্বাস্থ্য সংকট এবং সাইবার অপরাধের ঝুঁকি বাড়িয়ে তুলছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার হলেও মাদক পাচারে পুলিশের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ