Views Bangladesh Logo

জুলাইয়ে কমেছে প্রায় ২৩ হাজার বিও হিসাব, প্রতিদিন গড়ে বন্ধ ৯১৫টি

শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার আভাস মিললেও সদ্য সমাপ্ত জুলাই মাসে বড় অঙ্কে কমেছে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব। এক মাসে প্রায় ২৩ হাজার বিও হিসাব কমেছে, যা প্রতি কার্যদিবসে গড়ে ৯১৫টি।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশে বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৩৬৫টি। জুন শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৭৫ হাজার ২৫২টি। ফলে এক মাসে কমেছে ২২ হাজার ৮৮৭টি বিও হিসাব।

এ সময় দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ২১ হাজার ৫৭৮টি এবং বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের হিসাব কমেছে ১ হাজার ১৮০টি। একই সময়ে পুরুষ বিনিয়োগকারীদের ১৭ হাজার ২২৮টি ও নারী বিনিয়োগকারীদের ৫ হাজার ৫৩০টি বিও হিসাব কমেছে।

তথ্য অনুযায়ী, একক নামে বিও হিসাব কমেছে ১৫ হাজার ২৮টি, আর যৌথ নামে বিও হিসাব কমেছে ৭ হাজার ৭৩০টি। পাশাপাশি কোম্পানির বিও হিসাবও ১৯২টি হ্রাস পেয়েছে।

বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন করেন এবং এ হিসাবের তথ্য সংরক্ষণের দায়িত্ব পালন করে সিডিবিএল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ