Views Bangladesh Logo

জুলাই বিপ্লবের অর্জন কোনো ব্যক্তি বা একক দলের নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়; এটি ছাত্র-জনতার সম্মিলিত আত্মত্যাগের ফসল। জুলাই বিপ্লবের শহীদদের বীরত্ব ও আত্মত্যাগকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দেওয়া হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই ন্যাশনাল কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, তা বাস্তবায়ন করাই সরকারের প্রধান অঙ্গীকার। আন্দোলনের সময় সংঘটিত প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিশ্চিত করা হবে।

বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, বিচার নিশ্চিত করতে গিয়ে যেন কারও প্রতি অন্যায় না হয়, সে বিষয়ে প্রশাসন ও বিচার বিভাগকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, প্রতিশোধ নয়, দেশকে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে নেওয়াই আমাদের দায়িত্ব।

অতীতের নির্যাতন, সহকর্মীদের মৃত্যু ও নিজের শারীরিক-মানসিক কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচারের পথেই সরকার এগোবে।

প্রধানমন্ত্রী বলেন, যদি কোনো শহীদের হত্যার বিচার চাইতে গিয়ে অন্য কারও প্রতি অন্যায় করা হয়, তাহলে সেটি শহীদদের আত্মত্যাগের চেতনার পরিপন্থী হবে। তাই প্রয়োজন হলে বিচার প্রক্রিয়ায় সময় নেওয়া হবে, তবে আইনের শাসন নিশ্চিত করেই অপরাধীদের বিচার করা হবে।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভক্ত জাতি কখনো এগিয়ে যেতে পারে না। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে মতভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তব্যের শেষদিকে দেশ পুনর্গঠনের পথে সম্ভাব্য বাধা সম্পর্কে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, পুনর্গঠনের এ যাত্রায় যাতে কোনো অপশক্তি বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ