জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ২০৬
চলতি বছরের মধ্যে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ মাস হয়ে উঠেছে জুলাই। এক মাসেই ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এটাই এক মাসে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে জুলাই মাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। আর চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৫৪ জন।
একই সময়ে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৬ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের সংখ্যাতেও জুলাই মাস শীর্ষে রয়েছে। এ মাসে ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যা জুনের ২ হাজার ৯০৭ জনের তুলনায় কয়েক গুণ বেশি। এর আগে জানুয়ারিতে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন এবং মে মাসে ৭১৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়ছে। তাই মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতামত দিন