Views Bangladesh Logo

ঝালকাঠিতে ‘জুলাই আন্দোলনের কর্মী’ পরিচয়ে আমুর বাড়ির ফটক ভাঙচুর

ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাড়ির প্রধান ফটক ভাঙচুর করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে শহরের রোনালসে রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই ছাত্র আন্দোলনের কর্মী’ পরিচয়ে আসা একদল শিক্ষার্থী প্রথমে বাড়ির সামনে দেওয়া টিনের বেড়া সরিয়ে ফেলেন। পরে ড্রিল কাটার মেশিন ব্যবহার করে বাড়িটির প্রধান ফটক কেটে ভেঙে দেন। এতে বাড়িটি পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে ময়লার স্তূপ জমে এবং রাতে মাদকসেবীদের আনাগোনা রয়েছে। সম্প্রতি কে বা কারা বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা মো. লিখন বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা উন্মুক্ত করেছে। এটি জনগণের জন্য খোলা থাকবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে জায়গাটি জনসাধারণের বিভিন্ন কাজে ব্যবহার করা হতে পারে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমির হোসেন আমুর ওই বাড়িতে হামলা চালানো হয়। সে সময় বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে ভবনটি পুড়ে যায়। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ