৬ আগস্ট থেকে সাধারণের জন্য খুলবে জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট ৫০ টাকা: সংস্কৃতি মন্ত্রী
আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে জুলাই স্মৃতি জাদুঘর। জাদুঘরে প্রবেশের জন্য থাকবে টিকিট ব্যবস্থা—এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘোষণা দেন মন্ত্রী।
এর আগে জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত 'জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর' বুধবার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। মন্ত্রী জানান, বুধবার সকাল ৯টায় জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রী বলেন, উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘরটি পরিদর্শনের সুযোগ থাকবে।
নিতাই রায় চৌধুরী বলেন, প্রথম দিনটি জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
মন্ত্রী জানান, আগামী ৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে একসঙ্গে বিপুল সংখ্যক দর্শনার্থী সামাল দেওয়া কঠিন হতে পারে বিধায় নির্দিষ্ট সময়ে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দর্শনার্থীদের অনলাইনে আগাম বুকিং দিতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মতামত দিন