Views Bangladesh Logo

আজ থেকে জনসাধারণের জন্য জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই জাদুঘরে ২০২৪ সালের শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনের একটি বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে রয়েছে ছবি, ভিডিও, নথিপত্র, নিহতদের ব্যক্তিগত সামগ্রী এবং ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল প্রদর্শনী।

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরকে ঘিরে শুরু থেকেই জনসাধারণের আগ্রহ প্রবল। উদ্বোধনী দিনের জন্য বরাদ্দকৃত ৯০০টি টিকিট বুধবার বিকেল ৪টার মধ্যেই শেষ হয়ে যায়। দর্শনার্থীদের বাড়তি চাপ সামলাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে সময়ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করেছে জাদুঘর কর্তৃপক্ষ। প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন।

জাদুঘরে প্রবেশের সময়সূচি প্রতিদিন ৩টি ভাগে ভাগ করা হয়েছে—সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে ৩টা এবং বিকেল ৪টা থেকে ৬টা। প্রতিটি ধাপে সর্বোচ্চ ৩০০ জনকে প্রবেশাধিকার দেওয়া হবে। টিকিট অনলাইনে এবং জাদুঘরের কাউন্টারে পাওয়া যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব জানান, প্রাথমিক পর্যায়ে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় সামলে প্রশাসনিক কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এই সাময়িক দর্শনার্থী সীমা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রথম দিনটি কেবল আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকলেও জাদুঘর প্রাঙ্গণের বাইরে শতাধিক আগ্রহী মানুষ জমায়েত হন। পরে ভারী বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষার একপর্যায়ে কিছু উৎসুক জনতা ও আন্দোলনকারী প্রবেশ ফটক খুলে ভেতরে ঢুকে পড়েন। পরবর্তীতে আন্দোলন সংগঠকদের হস্তক্ষেপে বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয় এবং প্রাঙ্গণ রক্ষা করার আহ্বান জানিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ