Views Bangladesh Logo

গণভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন আগামীকাল

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে সংস্কার করে নির্মিত এই জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টায় প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছাবেন। এরপর উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

জাদুঘরে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন, গণঅভ্যুত্থান, দমন-পীড়ন এবং ছাত্র-জনতার প্রতিরোধের বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলনের আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, নিহত ও আহতদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ড এবং আন্দোলনের বিভিন্ন নিদর্শন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গণভবনকে গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের একটি স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। সেই উদ্যোগের ধারাবাহিকতায় ভবনটিকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করবেন।

সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজাম বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ এবং সংগ্রামের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই ধরনের মত প্রকাশ করে সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি সংরক্ষণ এবং এর ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের পর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘর খোলা থাকবে। দর্শনার্থীদের সুবিধার্থে অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ