জুলাই শহীদ দিবস আজ
আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনের সময় এদিন পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছরের ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ১৬ জুলাইকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত তালিকার ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ উপলক্ষে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত কার্যকর রয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, "আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আন্দোলনে আহত সেই সব সাহসী তরুণ-তরুণী ও যুবপ্রজন্মকে, যাঁদের অনেকে পঙ্গুত্ব বরণ করে আজও যন্ত্রণাময় জীবন যাপন করছেন। একই সঙ্গে গভীর সমবেদনা জানাই শহীদ পরিবারের সদস্যদের প্রতি, যাঁরা আপনজন হারানোর গভীর শোক বুকে ধারণ করেও অসীম ধৈর্য ও সাহসের পরিচয় দিয়ে চলেছেন।"
তিনি আরও বলেন, ‘এই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক আন্দোলন ও অর্জন নয়; এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল।’
পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। এদিন রাষ্ট্রীয় নিপীড়ন, প্রাণঘাতী শক্তির নির্মম প্রয়োগ এবং ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে নিরস্ত্র অথচ অদম্য সাহসী ছাত্র-জনতা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা জাতির বিবেককে জাগ্রত করেছিল।’
তিনি বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাঈদের দৃশ্যটি কেবল একটি মুহূর্ত ছিল না; এটি ছিল গণতান্ত্রিক অধিকারবঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক।’
দিবসটি উপলক্ষে দেশের সব মাদ্রাসায় স্মরণসভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, অধীনস্থ সব স্তরের মাদ্রাসায় সুবিধাজনক সময়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে।
এ ছাড়া ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত দিন