Views Bangladesh Logo

জুলাইযোদ্ধাদের সর্বসম্মত দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের জন্য সর্বসম্মতভাবে দায়মুক্তির ব্যবস্থা করা হবে। এ সংক্রান্ত আইন আগামী সংসদ অধিবেশনে পাস করা হবে। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত হওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, এবার থেকে প্রতি মাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত জাতির সামনে তুলে ধরা হবে।

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মধ্যে ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবাইকে কার্ড দেওয়া হবে।

কৃষক কার্ড নিয়ে মন্ত্রী জানান, আগামী পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী তারেক রহমান কার্ড বিতরণের উদ্বোধন করবেন। টাঙ্গাইল থেকে কার্যক্রম শুরু হবে এবং প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে।

এছাড়া, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু হয়েছে। নির্বাচনী এলাকার প্রতিটি জায়গায় প্রধানমন্ত্রী পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

তথ্যমন্ত্রী আরও জানান, এখন থেকে সংসদ সদস্যরা কোনো শুল্কমুক্ত গাড়ি সুবিধা বা প্লট নেবেন না। পাশাপাশি, প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা ভিআইপি প্রটোকলের বহরও বাতিল করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ