মঙ্গলবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করা হবে মঙ্গলবার (৫ আগস্ট)। গত বছরের ‘৩৬ জুলাইয়ের’ প্রতীকী দিনটিতে গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বার্ষিকীর আয়োজনটি করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় সংসদ সচিবালয়ের সহায়তায় দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে শিল্পকলা একাডেমি। বেলা ১১টায় ‘টং’ গ্রুপের পরিবেশনায় আয়োজনটি শুরু হবে। এর পর সাইমুম শিল্পী গোষ্ঠী ও কলরব শিল্পী গোষ্ঠীর পাশাপাশি থাকবেন নাহিদ, তাশফি, চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শুনোর মতো শিল্পীরা।
‘ফ্যাসিস্টদের পলায়ন উদযাপন’ শীর্ষক বিশেষ আয়োজন শুরু হবে দুপুর ২টা ২৫ মিনিটে। এতে থাকবে সায়ান, ইথুন বাবু ও মৌসুমী এবং সোলস ও ওয়ারফেজের পরিবেশনা।
দিনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ‘জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বিকেল ৫টায়।
সন্ধ্যার লাইনআপে বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর, পারশা এবং এলিটা করিমের পরিবেশনা শেষে ‘ডু ইউ মিস মি, ওরিটেন বাই দ্য অ্যানোনিমাস’ শীর্ষক বিশেষ ড্রোন নাটক মঞ্চস্থ হবে। রাত ৮টায় আর্টসেলের সঙ্গীত পরিবেশনায় শেষ হবে বর্ণাঢ্য আয়োজন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে থাকবে গণআন্দোলনের সব পক্ষ।
রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। পোস্টে অসংখ্য হতাহত ও ‘জুলাই যোদ্ধার’ আত্মত্যাগে জাতির ঐক্যবদ্ধ হওয়ার দিনটির তাৎপর্যও তুলে ধরা হয়। বলা হয়, সেদিন বিজয়ের আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে রাস্তায় নেমেছিলেন নাগরিকরা এবং সেই গণআন্দোলনের চেতনা এখনো তাদের অনুপ্রাণিত করে চলেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে