Views Bangladesh Logo

‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে ১৬ জুলাই: ইশরাক

জুলাই-আগস্ট ২০২৪ সালের আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এ বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ১৬ জুলাইয়ের দুটি আলোচিত হত্যাকাণ্ড গণ-আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া সৃষ্টি করে। দিবসটি উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। একই দিনে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণেও আরেকটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

সরকার জানিয়েছে, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালনের মধ্য দিয়ে মূল রাষ্ট্রীয় কর্মসূচি শুরু হবে। ঢাকার চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকালে শাহবাগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে।

এ ছাড়া ১৫ জুলাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে আর্মি স্টেডিয়ামে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৪ জুলাই যাত্রাবাড়ীতে বিশেষ স্মরণসভা ও সমাবেশ আয়োজন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ