Views Bangladesh Logo

পঞ্চগড়ে জাল ব্যালটসহ যুবশক্তির নেতা আটক, ৩ বছরের কারাদণ্ড

পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনের আটোয়ারী পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে জাল ব্যালট পেপারসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতা সুকুমার দাস বাবুকে আটক করা হয়েছে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। আটক যুবশক্তির নেতা সুকুমার দাস বাবু আটোয়ারী উপজেলা যুবশক্তির আহ্বায়ক। জানা যায়, ভোট চলাকালে কেন্দ্রের গেটে অবস্থানকালে তাঁর কাছে নমুনা ব্যালট পেপার পাওয়া যায়। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। পরে বিচারিক ম্যাজিস্ট্রেট রানা পারভেজ তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করার আদেশ দেন।

পঞ্চগড়-১ আসনে ১১-দলীয় ঐক্য জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে রয়েছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

পঞ্চগড় জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এ ঘটনা নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রে জাল ব্যালট পেপার সঙ্গে রাখার অপরাধে একজনকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ