জাতীয় যুব শক্তির বাংলা ব্লকেডের ডাক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটির যুব সংগঠন জাতীয় যুব শক্তি।
বুধবার (১৬ জুলাই) শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। এ সময় পুরো গোপালগঞ্জ শহর সংঘর্ষের মাঠে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে।
এই হামলার প্রতিবাদে যুব শক্তি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ‘বাংলা ব্লকেড’ ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে যুব শক্তির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ পরিকল্পিতভাবে আমাদের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে। অনেক নেতাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।’
অবরোধ কর্মসূচিতে সম্মতি জানিয়েছেন যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তৌরিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম ও প্রধান সংগঠক প্রকৌশলী ফারহাদ সোহেল।
এর আগে, বুধবার দুপুরে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। বিকেল নাগাদ এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন বলে জানা গেছে।
এ ঘটনায় গোপালগঞ্জসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে, ‘বাংলা ব্লকেড’-এর ডাকের পর সারাদেশেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে