অপ্রতিম হত্যার ঘটনায় যুব মৈত্রীর উদ্বেগ ও প্রতিবাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ, শোক ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী। শনিবার সংগঠনটির সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক তাপস দাস এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, একজন শিশুকে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়ে প্রাণ হারাতে হওয়া শুধু তার পরিবারের জন্য নয়, পুরো সমাজ ও রাষ্ট্রের জন্যও অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা রাষ্ট্র ও সমাজের জন্য গভীর লজ্জার বিষয় বলেও মন্তব্য করেন তারা।
তারা বলেন, নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়ার পর একজন শিশু নিরাপদে ফিরবে কি না, তা নিয়েও অভিভাবকদের উদ্বেগে থাকতে হচ্ছে। কোনো অপরাধী রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো প্রভাবের কারণে আইনের আওতার বাইরে থাকার সুযোগ পেলে আইনের শাসন ও ন্যায়বিচার নিয়ে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়।
যুব মৈত্রীর নেতারা আরও বলেন, মানুষের জীবন ও মানবিক সম্পর্ক যখন লোভ, ভোগ, মুনাফা ও ব্যক্তিস্বার্থের কাছে গুরুত্ব হারায়, তখন এ ধরনের অপরাধের বিস্তার ঘটে। তাদের মতে, অপ্রতিমের হত্যাকাণ্ড সমাজে বিদ্যমান অবক্ষয়ের একটি নির্মম দৃষ্টান্ত। অপরাধীর পরিচয় বা প্রভাব যা-ই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
বিবৃতিতে অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইন অনুযায়ী বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
নেতারা বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে প্রতিটি শিশু ও নাগরিক নিরাপদে জীবনযাপন করতে পারবেন। মানুষের জীবনের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। তারা অপ্রতিম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।
মতামত দিন