বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রীর মানবিক বিবেচনায় জামিন
আদালত বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও থানার মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় এবং পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে জামিনের পুনর্বিবেচনা আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
এর আগে একই দিনে বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে পুনর্বিবেচনা আবেদনের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়।
আদালতে তাকে তার শিশুসন্তানসহ হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলে জানা গেছে, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন আবেদন করেন। পরে পুনর্বিবেচনা শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই চানখাঁরপুল এলাকায় আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর হামলার অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, পরবর্তীতে ২৩ জুলাই শিল্পী বেগমের নির্দেশে কয়েকজনসহ ১২০–১৩০ জন দেশীয় অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে ওই শিক্ষার্থীর বাসায় হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে এবং তার পিতাকে মারধর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে