ব্রাহ্মণবাড়িয়ায় নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগে যুবলীগ নেতার ছেলে গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে অজ্ঞাতনামা এক নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কয়লা ও ছাইয়ে পূর্ণ গর্ত থেকে মাথাবিহীন মরদেহের সামান্য অংশ উদ্ধার করতে পেরেছে পুলিশ।
এ ঘটনায় উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে ফারহান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত তিনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ওই ইউনিয়নের গাজীর বাজার গ্রামে এ ঘটনা ঘটে।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য জহির মিয়া জানান, আগের রাতে গাজীর বাজারের এনামুলের বাড়ি থেকে একটি রাজহাঁস চুরি হয়। সকালে সেটি খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভূইয়ার পরিত্যক্ত টিনের গোয়ালঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন তিনি। সেখানে থাকা ফারহান পাতা পোড়াচ্ছেন বলে দাবি করেন। তার কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক এনামুল তার ভাই রোমান ও চাচাতো ভাই ওবায়দুলকে নিয়ে ঘরে কী হচ্ছে, দেখতে চান। এ সময় ফারহান ক্ষিপ্ত হয়ে তাদের হত্যার হুমকি দেন। পোড়া মাংসের গন্ধ পেয়ে সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজন মেঝেতে খোড়া গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে দেহাবশেষ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ওবায়দুল্লাহ জানান, মাথাবিহীন মরদেহটি এতোটাই পুড়ে গেছে যে, লিঙ্গ শনাক্ত করা কঠিন। তবে হাতের চুড়ি দেখে পুলিশ সন্দেহ করছে, ভিকটিম একজন নারী।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, ‘মরদেহটির বেশিরভাগ অংশের প্রায় পুরোটাই পুড়ে গেছে। তবে চুড়ি দেখে এটি নারীর মরদেহ বলে ধারণা করছি। সিআইডি ও পিবিআই কর্মকর্তারা নিহতকে শনাক্তের কাজ করছেন। সন্দেহভাজন ফারহান রনিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে’।
হত্যার মোটিভ সম্পর্কে বিশদ তদন্ত চলছে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে