পাবনায় গ্রেপ্তার যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন সমর্থকেরা
পাবনার বেড়া উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া মডেল থানা এলাকার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ওই যুবলীগ নেতার নাম সোহেল রানা। তিনি বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে এবং বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এ সুযোগে পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের কাজে বাধা দেন এবং একপর্যায়ে তাকে ছিনিয়ে নিয়ে যান।
ওসি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন