গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু, পরিবারের অভিযোগ ‘হত্যা’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ হয়ে’ নুরুল আলম নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গ্রেপ্তারের মাত্র একদিন পর বুধবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামের সাতকানিয়া থানার একটি মামলায় মঙ্গলবার সন্ধ্যায় নুরুল আলমকে কারাগারে আনা হয়। বুধবার সকালে তিনি শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কথা জানালে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নুরুল আলমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকায় তিনি ব্যবসা করতেন।
তবে মৃত্যুকে স্বাভাবিক ঘটনা হিসেবে মানতে নারাজ পরিবার। নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদ দাবি করেছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে ‘যুবলীগ ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে।
তিনি বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। সে স্বাভাবিকভাবে চলাফেরা করত এবং নিয়মিত ব্যবসা করত। কেরানীহাট এলাকায় আমাদের একটি জমি নিয়ে কিছু লোকের সঙ্গে বিরোধ ছিল। সেই বিরোধের কারণেই তাকে গ্রেপ্তার করানো হয়েছে।
পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরে সাতকানিয়া থানা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ নুরুল আলমকে আটক করে। পরে দ্রুত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার সময় তিনি সুস্থ ছিলেন বলেও দাবি করেন স্বজনরা।
নূর মোহাম্মদ বলেন, সন্ধ্যায় যখন তাকে কারাগারে নেওয়া হয়, তখনও সে সুস্থ-স্বাভাবিক ছিল। পরদিন সকালে কারাগার থেকে ফোন করে মৃত্যুর খবর জানানো হয়। আমরা মনে করি তাকে হত্যা করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোহাম্মদ ইব্রাহীম এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন