Views Bangladesh Logo

মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে মিছিল ও বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা ঘিরে নগরজুড়ে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

প্রায় ৫৮ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলটি বন্দর এলাকা থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। তাদের হাতে থাকা ব্যানারে ‘শিশু মৃত্যু, শিশু নির্যাতনের বিচার, বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে’ প্রতিবাদ জানানো হয়।

মিছিলটি পরে বিদ্যুৎ ভবনের সামনে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে স্লোগান দেন নেতাকর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, চলতি মাসে চট্টগ্রাম নগরে এটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলোর তৃতীয় মিছিলের ঘটনা। এর আগে গত বুধবার অনন্যা আবাসিক এলাকায় এবং সোমবার জিইসি মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের খবর পাওয়া যায়। এসব ঘটনার পর নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) জানান, ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে মিছিলে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে সাম্প্রতিক এসব ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে নজরদারি বাড়িয়েছে প্রশাসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ