প্রেসক্লাবে সাংবাদিককে 'পেটালেন' যুবদলের নেতাকর্মী, আটক ২
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিক সামিউল মনিরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় যুবদলের এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন প্রেসক্লাব ভবনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন- শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান ও বিএনপির সমর্থক আবদুর রহিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলামসহ ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। তাকে ইট, হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি আহত হন।
খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সামিউলকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।’
গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক সমকালে প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সামিউল মনির বিভিন্নভাবে হুমকি পাচ্ছিলেন।
যোগাযোগ করা হলে যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম বলেন, গতকাল এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার জেরে আজ প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলছিল। এ সময় সামিউল মনির তাদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে