Views Bangladesh Logo

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বাজারে প্রকাশ্যে গুলি করে যুবদলের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদুল হক চৌধুরী (৪৫) রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ স্বপনের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে চৌমুহনী বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন মাসুদুল হক। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ থেকে সাতজন অস্ত্রধারী সেখানে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান মাসুদুল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর অস্ত্রধারীরা দ্রুত অটোরিকশাযোগে এলাকা ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান শুরু করে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গুনিয়ার বেতাগীর স্বপন চেয়ারম্যানের ছোট ভাই নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছি। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ