Views Bangladesh Logo

কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি, যুবদল নেতা বহিষ্কার

মাগুরায় কৃষি প্রণোদনার তালিকা থেকে নাম বাদ পড়ায় এক কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে যুবদলের শালিখা উপজেলা শাখার সদস্য সচিব মুন্সী নয়নউজ্জামান নয়নকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন করে শালিখা উপজেলার এক কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এমপির সিদ্ধান্তে মুন্সী নয়নউজ্জামান নয়নকে সদস্য সচিব পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি প্রণোদনার জন্য সম্প্রতি নয়ন শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়ের কাছে ২০০ জনের একটি তালিকা দেন। এর মধ্যে ১৫০ জন প্রণোদনা পেলেও বাকিরা বাদ পড়েন। এ নিয়ে কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার একপর্যায়ে তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়া হয়। গত শুক্রবার সেই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাৎক্ষণিক তদন্তের ভিত্তিতে যুবদল বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

তবে মুন্সী নয়নউজ্জামান নয়নের দাবি, এটি রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তার কণ্ঠ নকল করে ওই অডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ