Views Bangladesh Logo

রূপগঞ্জে যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ, ভাঙচুর-গুলিবর্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। দুই পক্ষের লোকজনের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়ার সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আরজু ভূঁইয়া ইট দিয়ে রাফিনের মাথায় আঘাত করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাফিন সেখান থেকে চলে যান।

পরে রাফিন মুড়াপাড়া এলাকা থেকে দুটি মোটরসাইকেলে করে বরপা বাসস্ট্যান্ড এলাকায় এসে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে স্থানীয়রা জানান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রের দাবি, পরে যুবদল নেতা আরজুর লোকজন রাফিনের পক্ষের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। একই সময় আরজুর লোকজন ছাত্রলীগ নেতা রাফিন ও তার আত্মীয়স্বজনের ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে বাধা দিতে গেলে ইয়ার হোসেনসহ তিনজন আহত হন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ