নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী গুলিবিদ্ধ, আহত ৮
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শাকিল মাহমুদ (৩১) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের তাহেরপুর গ্রামের বাহারের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শাকিল মাহমুদ ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় যুবদলের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন—আলাউদ্দিন (৫০), মহর আলী (৫৯), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), ছেলে মাহফুজুর রহমান (২২), মেয়ে নাসরিন আক্তার (১৮), আলমগীর হোসেন (২৬) ও জহির (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক নির্বাচনের দিনকার একটি ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার বিকেলে ছয়ানী বাজারে একটি মিছিল শেষে ওই বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।
এর জের ধরে রাতে তাহেরপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে শাকিল মাহমুদ বুকে গুলিবিদ্ধ হন। পাশাপাশি কয়েকজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শাকিলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এক পক্ষের দাবি, প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে। অন্য পক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে, এটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে