Views Bangladesh Logo

জাবিতে নবীনদের র‍্যাগিংয়ের দায়ে ১২ জনকে সাময়িক বহিষ্কার

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং করার ঘটনায় ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভুক্তভোগীরা একই বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থী।

শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ‘ম্যানার শেখানোর’ নামে ৫৫তম ব্যাচের নবীনদের র‍্যাগিং করেন। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ঙ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন; ওই ধারায় বলা আছে, ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো জায়গায় টিজ, র‍্যাগিং, নির্যাতনমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না।’ এর পরিপ্রেক্ষিতে একই অধ্যাদেশের ৪ (১) (খ) ধারা অনুসারে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—সুভাশীষ রায় প্রান্ত, নাছিম উদ্দিন মজুমদার, মো. আবু আবতাহী অনিক, নাঈমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, কার্তিক চন্দ্র রায় এবং নাঈম আহমেদ সজিব।

প্রসঙ্গত, গত ৩ জুলাই দিবাগত রাতে ‘ম্যানার’ শেখানোর অজুহাত দেখিয়ে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের ১৩ জন নবীন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নিয়ে র‍্যাগিং করা হয়—এমন অভিযোগ ওঠে। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম সঙ্গে সঙ্গে অভিযানে নেমে ৫৪তম ব্যাচের ওই ১২ শিক্ষার্থীকে আটক করে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন; অভিযুক্তরাও র‍্যাগিংয়ে জড়িত থাকার বিষয়টি লিখিতভাবে স্বীকার করে নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ