জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযুক্ত ব্যক্তি এখনও গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ঘটনার ১০০ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা। সেই দাবিতে চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা ভবনে প্রবেশ করতে পারবেন বলে তিনি জানান।
এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কার্যালয়েও তালা দেন শিক্ষার্থীরা।
এদিকে শনিবার রাতে ঘটনাটি তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানার নেতৃত্বে গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১২ মে) রাতে পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা করা হয়। পরদিন বুধবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই দিনই শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের আলটিমেটাম দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে