জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টরিয়াল টিমের পদত্যাগ দাবিতে ছাত্রীর অবস্থান, সড়ক অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একের পর এক যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ধর্ষণচেষ্টার আসামি ছয় দিনেও গ্রেপ্তার না হওয়ায় সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নেতা-কর্মীরা। একই সঙ্গে প্রক্টরিয়াল টিমের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবিতে রোববার রাত দুইটা থেকে প্রক্টর কার্যালয়ের বারান্দায় একাকী অবস্থান কর্মসূচি পালন করছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান।
গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে অন্ধকারে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এর পরদিন রোববার সন্ধ্যায় ক্যাম্পাসের বটতলা এলাকার ‘পেটুক’ হোটেলের কর্মচারী মো. নাইম দুই ছাত্রীকে গালিগালাজ ও অসংগতিপূর্ণ আচরণের পাশাপাশি ভুক্তভোগী ছাত্রীকে বাজেভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত নাইমকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করা হয় এবং সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে যৌন হয়রানির মামলা করে।
ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে আশুলিয়া থানার ওসি নিশ্চিত করেছেন।
এই দুই ঘটনায় দায় স্বীকার করে প্রক্টরিয়াল টিমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন লামিশা জামান। তিনি বলেন, ধর্ষণচেষ্টার তদন্ত প্রতিবেদন ও প্রক্টরিয়াল টিমের পদত্যাগের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অবস্থান ছাড়বেন না।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যান জাকসুর নেতা-কর্মীরা। বিকেল চারটা চল্লিশ মিনিটে ১৫ মিনিটের জন্য মহাসড়কের দুই লেনে অবরোধ করেন তারা। সমাবেশে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার ১৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও স্পষ্ট সিসিটিভি ফুটেজ ও ছবি থাকার পরেও আসামি গ্রেপ্তার না হওয়া আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়েরই ব্যর্থতা।
এদিকে প্রক্টরের দিকে তেড়ে যাওয়া ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন পরিবেশবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী। একই ঘটনার প্রতিবাদে আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীরাও মানববন্ধন করেছেন। সব কর্মসূচিতেই ধর্ষণচেষ্টার আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে