ডায়ানা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত জাবি শিক্ষার্থী শাওন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী শাওন মাহমুদ ব্রিটিশ রয়্যাল পরিবারের পক্ষ থেকে ‘ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৪’ এর জন্য মনোনীত হয়েছেন। তিনি বিজ্ঞান শিক্ষায় অসামান্য অবদানের জন্য এই সম্মাননা পেতে যাচ্ছেন।
শাওন মাহমুদ বাংলাদেশের অনলাইন বিজ্ঞান শিক্ষার প্রচারক হিসেবে পথিকৃৎ। ২০১৮ সালে তিনি ‘বিজ্ঞানপ্রিয়’ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাংলা বিজ্ঞান নেটওয়ার্কে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্মটি ১৫ লাখের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।
এছাড়া ‘প্রজেক্ট প্রাচি’ শাওনের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের একটি। এ প্রকল্পে ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার পরিবারের অন্তত একজনকে প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তোলার পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটর সহায়তায় ২০০ স্কুল শিক্ষার্থীকে ১৮ ঘন্টার প্রশিক্ষণ দিয়েছেন তারা।
ডায়ানা অ্যাওয়ার্ড ৯ থেকে ২৫ বছর বয়সী এমন তরুণদের প্রদান করা হয়, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখছে। এটি প্রিন্সেস ডায়ানার স্মরণে চালু করা হয় এবং তার দুই পুত্র প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি এই উদ্যোগের পৃষ্ঠপোষক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে