জাবিতে ছাত্রীকে সাইবার বুলিং, ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এক ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভাষায় গালিগালাজ, হুমকি ও সাইবার বুলিং করার অভিযোগে গোলাম রব্বানী নামের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হয়।
অভিযুক্ত গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী এবং নবাব সলিমুল্লাহ হলে আবাসিক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Tuco The Ugly’ নামের একটি পেজ পরিচালনা করেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি দেয়াল গ্রাফিতি নিয়ে ভিডিও পোস্ট করলে ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের ছাত্রী মনিষা সরকার যৌক্তিক ও সংযত মন্তব্য করেন। জবাবে রব্বানী কুরুচিপূর্ণ ও জঘন্য ভাষায় ওই ছাত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী ১১ মার্চ প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, একজন নারী শিক্ষার্থী হিসেবে এই আচরণ তাকে মানসিকভাবে বিপর্যস্ত ও আতঙ্কিত করেছে।
প্রক্টর অফিসের প্রাথমিক তদন্ত ও সুপারিশের ভিত্তিতে ১২ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নেন। ভারপ্রাপ্ত রেজিস্টার স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী গোলাম রব্বানীকে সাময়িক বহিষ্কার করা হলো। বহিষ্কারকালে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।
অধিকতর তদন্তের জন্য সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানাকে সভাপতি করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে