শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, জাবি ছাত্রদলের দুই সদস্যকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুই সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাবি ছাত্রদলের আহ্বায়ক।
শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই সদস্যকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে কেন্দ্রীয় সংগঠনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দুই সদস্যের বিরুদ্ধে ঠিক কী ধরনের অভিযোগ আনা হয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের’ কথা বলা হয়েছে।
অব্যাহতি পাওয়া দুই শিক্ষার্থী হলেন এহতেশামুল হক ও ফয়েজ হাওলাদার। এহতেশামুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ফয়েজ হাওলাদার সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী। তিনিও জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
অব্যাহতির কারণ সম্পর্কে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওই দুই সদস্য ফেসবুকে পোস্ট করেছিলেন। ছাত্রদলের সাংগঠনিক ও আদর্শিক অবস্থান থেকে বিষয়টিকে আদর্শিক বিরোধিতা হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণেই তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তির পর বিষয়টি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে অব্যাহতি পাওয়া দুই শিক্ষার্থীর পক্ষ থেকে এ সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন