Views Bangladesh Logo

ভোটের দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ডিএমপির

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একইসঙ্গে ৫ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে এসব নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিল থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন প্রমাণ সাপেক্ষে এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্যও নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তার নির্বাচনী এজেন্টের জন্য একটি গাড়ি রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে। প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রেও থাকবে শিথিলতা। এছাড়া রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে মোটরসাইকেলে চলাচলের অনুমতি পাবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা। পাশাপাশি নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচলের অনুমতি থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ