জয়পুরহাটে ১০ বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে ডিসি-এসপিকে চিঠি
চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে জয়পুরহাটে। ২৪ ঘণ্টার মধ্যে দিনে ও রাতে গড়ে ১০ থেকে ১১ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। তীব্র গরমের মধ্যে দীর্ঘসময় লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং পল্লী বিদ্যুৎ সমিতির সাব-স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জিএম) আবু উমাম মো. মাহবুবুল হক।
এর আগে লোডশেডিং কেন্দ্র করে গ্রাহক অসন্তোষের জেরে পাঁচবিবির শ্রীমন্তপুরে পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারকে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিঠিতে জেলার ৫টি উপজেলার ১০টি উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ৭২ মেগাওয়াট। তবে এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২৬ থেকে ২৮ মেগাওয়াট। বিশাল এই ঘাটতির কারণে বাধ্য হয়েই দীর্ঘ সময় লোডশেডিং দিতে হচ্ছে।
সার্বিক বিষয়ে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবু উমাম মো. মাহবুবুল হক সাংবাদিকদের জানান, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থেই প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। বিদ্যুতের জাতীয় সরবরাহ বৃদ্ধি না পেলে এই সংকট থেকে দ্রুত মুক্তি পাওয়া কঠিন।
মতামত দিন