মডেলিং ও অভিনয়ে নিজেকে গড়ছেন জয়া মির্জা
শোবিজ অঙ্গনে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন সম্ভাবনাময় ফ্যাশন মডেল ও অভিনেত্রী জয়া মির্জা। চাঁদপুরে পারিবারিক শিকড় থাকলেও ঢাকাতেই জন্ম ও বেড়ে ওঠা এই তরুণীর। ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আগ্রহ ছিল তার, আর সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে মিডিয়ায় পথচলা শুরু।
বর্তমানে পড়াশোনার পাশাপাশি শোবিজ অঙ্গনে নিয়মিত কাজ করছেন জয়া মির্জা। তিনি পলিটিক্যাল সায়েন্স বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি মডেলিং ও অভিনয়—দুই ক্ষেত্রেই নিজেকে গড়ে তুলছেন এই তরুণী।
জয়া মির্জার শোবিজে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে। এরপর ২০২৪ সালে একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে আসেন তিনি। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে একাধিক মিউজিক ভিডিও, নাটক ও বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন মডেল হিসেবেও কাজ করছেন। র্যাম্প মডেল হিসেবেও নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন আয়োজন ও ফ্যাশন শোতে।
জানা গেছে, এর আগেও বেশ কিছু বড় কাজের প্রস্তাব পেয়েছিলেন জয়া মির্জা। তবে সময় ও পরিস্থিতি অনুকূলে না থাকায় সেসব কাজে যুক্ত হওয়া সম্ভব হয়নি।
কাজের ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে তার অভিনীত দুটি নতুন মিউজিক ভিডিও প্রকাশের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘ব্ল্যাক কফি’ নামের একটি ওয়েব সিরিজেও তাকে দেখা যাবে বলে জানা গেছে।
নিজের কাজ নিয়ে আশাবাদী জয়া মির্জা। তিনি নিয়মিত ভালো কাজের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাতে চান। ভবিষ্যতে বড়পর্দায় কাজ করার স্বপ্ন দেখেন এই সম্ভাবনাময় মডেল ও অভিনেত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে