Views Bangladesh Logo

প্লট দুর্নীতি মামলায় জয় ও পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে আদালত চত্ত্বরে নিরাপত্তা জোরদার করা হয়; অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়।

এর আগে গত রোববার গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি—রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ঠিক করা হয়। মামলার অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি এবং তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাননি।

দুদকের প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান জানান, সংস্থাটি আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিল। অপরদিকে খুরশীদ আলমের আইনজীবী দাবি করেন, দুদক তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

দুদক অভিযোগে জানায়, গত জানুয়ারি মাসে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মোট ছয়টি মামলা করা হয়। এসব মামলায় শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আসামি করা হয়।

গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত-৫ তিনটি মামলায় এবং বিশেষ জজ আদালত-৪ বাকি তিন মামলায় পৃথকভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তিন মামলায় মোট ১২, ১৮ ও ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন, যা তারা পাওয়ার যোগ্য ছিলেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ