ছাত্রলীগ নেতা মাসুদের হত্যাকারীদের বিচার চাইলেন জয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্টাটাসের মাধ্যমে তিনি এ দাবি করেন।
জয় বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদ। জামাত-শিবির তার এক পা কেটে নিয়েছে ২০১৪ সালে। তখন বাকি হাত-পাগুলোর রগও কেটে দিয়েছিল। ১০ বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিল। গত ৩ সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিল। মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিল। আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত-শিবিরের সন্ত্রাসীরা।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিল, তাও দেয়নি। কাকুতি-মিনতি করে বলেছিল, আমার চার দিনের একটি সন্তান আছে। কিছুই তাদের মন গলাতে পারেনি। কারণ মাসুদ এক সময় ছাত্রলীগের রাজনীতি করতো।’
ওই ঘটনায় মাসুদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জয়।
প্রসঙ্গত, গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় গণপিটুনির শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। তার বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ এনে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মাসুদ রাবি শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য। মারা যাওয়ার আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে