Views Bangladesh Logo

থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান, টঙ্গীতে কৃষক লীগ নেতার পাঁচ স্বজন আটক

গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় গ্রেপ্তার এক কৃষক লীগ নেতাকে আদালতে নেওয়ার সময় থানার ভেতরে স্লোগান দেওয়ার অভিযোগে তার পাঁচ স্বজনকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে থানায় এ ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিনকে শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় থানার ভেতরে প্রিজনভ্যানে তোলার মুহূর্তে তার স্বজন ও কয়েকজন সমর্থক বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন।

পুলিশের অভিযোগ, এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন টঙ্গীর মরকুন এলাকার মাহদী হাসান (২৬), হারুন রশীদ (৩৪), জহুরা বেগম (৫৫), শারমিন সুলতানা (৩৭) ও শাহিদা আক্তার (৩৬)।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, থানার ভেতরে স্লোগান দেওয়ার ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া আরও দুজনকে পলাতক আসামি করা হয়েছে এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, থানার অভ্যন্তরে এ ধরনের স্লোগান দেওয়ার ঘটনা আইনসিদ্ধ নয়। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে গ্রেপ্তার আ. মতিনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। আটক পাঁচজনের বিরুদ্ধে করা মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া আদালতের মাধ্যমে চলবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ