সাংবাদিক দম্পতি শাকিল-রূপার জামিন স্থগিত
রাজধানীর আদাবর থানা এলাকায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বুধবার (২২ জানুয়ারি) আপিল বিভাগে তাদের জামিন আবেদনের শুনানির দিন ফেব্রুয়ারি ধার্য করেছেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হোসেন জানান, সোমবার (২০ জানুয়ারি) এই সাংবাদিক দম্পতিকে জামিন দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন জানান রাষ্ট্রপক্ষ।
শাকিল-রুপার পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহবুব।
মামলার অভিযোগে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। গুলিবিদ্ধ রুবেলকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।
গত বছরের ২১ আগস্ট হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেপ্তারের পরদিন উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে ৩১ আগস্ট ফের হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠান আদালত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে