Views Bangladesh Logo

সুপ্রিম কোর্টে প্রবেশে বাধা: সাংবাদিকদের অবস্থান কর্মসূচি ১২ আগস্ট

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে আগামী ১২ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সাংবাদিক সমাজ। একই সঙ্গে আদালতে সংবাদকর্মীদের নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপও কামনা করেছেন তারা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) যৌথ সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন এলআরএফ সভাপতি মুহাম্মদ ইয়াছিন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক খুরশীদ আলম। এছাড়া এলআরএফের বর্তমান ও সাবেক নেতারা এবং জ্যেষ্ঠ সদস্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ২৫ জন প্রধান বিচারপতির আমলে সাংবাদিকরা সুপ্রিম কোর্টে প্রবেশ করে শুনানি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করে আসছেন। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টসহ কয়েকটি আদালতে সাংবাদিকদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যা জনগণের তথ্য জানার সাংবিধানিক অধিকারের পরিপন্থি।

তাদের মতে, আদালতের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংবাদকর্মীদের প্রবেশে বাধা সৃষ্টি হলে বিচারব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে জনগণের তথ্য পাওয়ার অধিকারও সীমিত হয়ে পড়বে। তাই দ্রুত এ বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানান তারা।

সভা থেকে আগামী ১২ আগস্টের অবস্থান কর্মসূচি সফল করতে সম্পাদক পরিষদ, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সমর্থন আদায়ের সিদ্ধান্তও নেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ