Views Bangladesh Logo

সংবাদ প্রকাশের ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার বিষয়টি মাথায় রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার বিষয়টি মাথায় রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম বেশি স্বাধীনতা ভোগ করছে।

শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখবেন, বলবেন ও মত প্রকাশ করবেন—এটাই সরকারের প্রত্যাশা। বাংলাদেশের সাংবাদিকরা বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছেন, অতীতে কখনোই এমন সুযোগ পাননি।

তবে বাক্‌স্বাধীনতার নামে অপতথ্য প্রকাশ করে কাউকে হেয়প্রতিপন্ন না করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার বিষয়টি মাথায় রাখতে হবে।

সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাত এড়িয়ে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের আহ্বানও জানান তিনি। ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের কেউ কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, এতে সমস্যা নেই। তবে সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের সময় কোনো দলের পক্ষে না গিয়ে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

সাংবাদিকদের কল্যাণে অবসর ভাতা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য পেশার মতো সাংবাদিকদেরও অবসর ভাতার ব্যবস্থা থাকা প্রয়োজন। সাংবাদিকদের জন্য বর্তমানে যে পরিমাণ অর্থ কল্যাণ ট্রাস্টে রয়েছে, তা তিন গুণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সহযোগিতার জন্য আবেদনের ভিত্তিতে সঠিক যাচাই-বাছাই করে সহজে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী ও ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ