Views Bangladesh Logo

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গত চার মাস ধরে আপিল বিভাগের এজলাস এবং হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বক্তারা উল্লেখ করেন, ‘আদালত কক্ষ একটি উন্মুক্ত পাবলিক প্লেস, যেখানে বিচার কার্যক্রম সাধারণ মানুষের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকার কথা। তাই সেখানে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া শুধু পেশাগত প্রতিবন্ধকতা নয়, বরং এটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন।’

সাংবাদিক নেতারা আরও বলেন, দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মীরা আপিল বিভাগের এজলাসে অবাধ প্রবেশাধিকার ভোগ করে আসছিলেন। তবে জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এজলাসে সাংবাদিক প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তারা বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছ বিচারব্যবস্থা নিশ্চিত করতে আদালতসহ সব পাবলিক স্থানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনও ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এছাড়া সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং শতাধিক সাংবাদিক এতে অংশ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ