Views Bangladesh Logo

নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না। তবে নীতিমালার মাধ্যমে আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনা সম্ভব। সাংবাদিকদের তাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে সংবাদ পরিবেশন করতে হবে, যাতে কোনো ব্যক্তির জীবন, ক্যারিয়ার ও মানসম্মান অযথা ক্ষতিগ্রস্ত না হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ গণমাধ্যম। সাংবাদিকদের কলমের শক্তি অনেক বেশি। কোনো অর্ধসত্য, স্বল্পজ্ঞান কিংবা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদে যেন কারও সুনাম ক্ষুণ্ন না হয়, আবার অযথা কারও অতিরিক্ত প্রশংসাও যেন না করা হয়—সেদিকে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের একটি স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব এখন আরও বেড়েছে।

সাইবার বুলিং ও গুজবের প্রসঙ্গ তুলে আন্দালিব রহমান পার্থ বলেন, এখন মানুষ একটি সত্য সংবাদ দেখলেও সেটি ভুয়া কি না, তা যাচাই করে নিতে চায়। রাজনীতিবিদদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে সহনশীলতার জায়গা আরও বাড়াতে হবে। সবার হাতে স্মার্টফোন থাকায় গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতার নামে কী ধরনের ভাষা ও শব্দ ব্যবহার হচ্ছে, গত দুই-তিন বছরে তা সবাই দেখেছে।

তিনি বলেন, আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, সেটিকে শুধু খারাপ পরিস্থিতি বলা যাবে না; বরং এটি একটি বাস্তব ও সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। মানুষের মানসিকতায়ও পরিবর্তন এসেছে। এই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সবাইকে মানিয়ে নিতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আপনারা আমাদের সমালোচনা করবেন, কোথায় কোথায় সরকারের কাজ ঠিকমতো হচ্ছে না তা তুলে ধরবেন। ভোলায় সরকারের দেওয়া বরাদ্দ ও উন্নয়নকাজ সঠিকভাবে হচ্ছে কি না, সেসব বিষয়ও আপনারা জানাবেন। আমাদের নিয়ে সংবাদ প্রকাশ করবেন আমাদের সাহায্য করার জন্য, যাতে আমরা সঠিকভাবে কাজ করতে পারি। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গা থেকে যেন কোনো সংবাদ তৈরি না হয়। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ভোলায় মাদককে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ও সামাজিক পরিবেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা উদ্বেগজনক। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করা যেতে পারে। ভোলায় কীভাবে মাদক প্রবেশ করছে, কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয়ে সামাজিকভাবে নজরদারি বাড়াতে হবে।

মাদক নির্মূলে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের কথাও জানান তিনি। পাশাপাশি মতবিনিময় সভায় ভোলার সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তথ্যমন্ত্রী।

সভায় ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং ভোলার প্রবীণ সাংবাদিক এম আবু তাহের ও শওকত হোসেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ