অনলাইনে মতামত প্রকাশে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা: জরিপ
হুমকি, অনলাইন হেনস্তা এবং পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির আশঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকদের কেউ কেউ। ডেটা জার্নালিজম প্রতিষ্ঠান 'ডেটাফুল'-এর এক জরিপে এই চিত্র উঠে এসেছে।
১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২২ জন সাংবাদিকের ওপর পরিচালিত 'এক্সপ্রেশন পালস' শীর্ষক জরিপের প্রথম প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য পরিণতি বা ঝুঁকির ভয়ে গত ছয় মাসে ১৮ জন সাংবাদিক জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ থেকে বিরত থেকেছেন। এর মধ্যে ১৩ জন জানিয়েছেন, তারা প্রায়ই এমনটা করে থাকেন।
অন্য সহকর্মীদের ওপর হামলা বা হেনস্তার ঘটনার প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে ২১ জন সাংবাদিকের সবাই স্বীকার করেন, এসব ঘটনা অনলাইনে তাদের স্বাধীন মতপ্রকাশকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এর মধ্যে ১২ জন সাংবাদিক জানান, এ ধরনের ঘটনায় তাদের ওপর ‘উল্লেখযোগ্য পরিমাণে’ প্রভাব পড়ে।
জরিপে অংশ নেওয়া ১৯ জন সাংবাদিক জানান, তারা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি, সরকার সমালোচনা, ধর্ম, ধর্মনিরপেক্ষতা বা সাম্প্রদায়িকতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির মতো সংবেদনশীল বিষয়ে আলোচনা এড়িয়ে চলেন।
উত্তরদাতাদের মধ্যে ১৫ জন বলেছেন, ছয় মাস আগের তুলনায় বর্তমানে অনলাইনে নিজস্ব মত প্রকাশে তারা কম স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এছাড়া ১৩ জন জানান, নেতিবাচক পরিণতির এই ভয় তাদের ব্যক্তিগত মতামত প্রকাশের পাশাপাশি পেশাগত সাংবাদিকতার ক্ষেত্রেও প্রভাব ফেলছে।
মূলত অনলাইন হেনস্তা, হুমকি, ব্যক্তিগত তথ্য ফাঁস (ডক্সিং), সামাজিকভাবে হেয় করা, কর্মক্ষেত্রের চাপ, আইনি নিপীড়ন এবং নিজের ও পরিবারের শারীরিক নিরাপত্তার ঝুঁকিকেই এই ভীতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন সাংবাদিকরা।
তবে জরিপের অংশগ্রহণকারী কম হওয়ায় এবং অ-যাদৃচ্ছিক পদ্ধতিতে উত্তরদাতা নির্বাচন করায় এই ফলাফলকে সামগ্রিক জাতীয় চিত্রের পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বকারী হিসেবে না দেখার পরামর্শ দিয়েছে ডেটাফুল।
মতামত দিন