Views Bangladesh Logo

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সাংবাদিকদের নামে ‘মিথ্যা’ হত্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। ​

রোববার (৩ মে ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়। বিবৃতিতে সাংবাদিক নেতারা বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

​প্যারিসভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইথআউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত ২০২৬ সালের সূচকে দেখা গেছে, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়ে ১৫২তম অবস্থানে নেমে এসেছে, যা গত বছর ছিল ১৪৯তম। ​

সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল এক যৌথ বিবৃতিতে দেশের সংবাদমাধ্যমের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, "২০২৪ সালের ৫ আগস্টের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরবর্তী সময়ে রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর নির্মম নির্যাতন-নিপীড়ন নেমে আসে। দেশের সাংবাদিকরাও তা থেকে রেহাই পাননি।"

এতে আরও বলা হয়, "সারা দেশে ৫ শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে গায়েবি হত্যা মামলা দেওয়া হয়েছে, অর্ধশত সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৩ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এ ছাড়া প্রায় ১২০০ সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং ১৬৮ জন পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রেস ক্লাবের সাত শতাধিক সাংবাদিকের সদস্যপদ বাতিল বা স্থগিত করা হয়েছে। পাশাপাশি অর্ধশতাধিক সাংবাদিকের দেশত্যাগে বেআইনি নিষেধাজ্ঞা এবং অনেকের ব্যাংক হিসাবও বন্ধ রাখা হয়েছে।"

বিবৃতিতে সাংবাদিক ফ্রন্টের নেতৃবৃন্দ অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান। ​এ ছাড়াও তারা আরও কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করেন, যার মধ্যে রয়েছে—চাকরিচ্যুত সাংবাদিকদের কর্মস্থলে পুনর্বহাল করা, তালাবদ্ধ ডিইউজে (ঢাকা সাংবাদিক ইউনিয়ন) ও বিএফইউজে (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) অফিস খুলে দেওয়া, জাতীয় প্রেস ক্লাবসহ সারা দেশের প্রেস ক্লাবগুলোর বাতিলকৃত সদস্যপদ ফিরিয়ে দেওয়া, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের আদেশ ও ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিদেশে গমনে আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ​

সংগঠনটি মনে করে, একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। গণমাধ্যমের কণ্ঠরোধ করার যেকোনো প্রচেষ্টা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ