Views Bangladesh Logo

আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুসংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। হামলার শিকার হওয়াদের মধ্যে টাইমস অফ বাংলাদেশ স্টাফ রির্পোটার কাজী জাহিদ, দীপ্ত টিভির ক্যামেরাপারসন আহত, বৈশাখী টিভির ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।

কর্তব্যরত সাংবাদিকদের তথ্যমতে, শনিবার বিকেলে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের একটি ভবনে অবৈধ বেকারি কারখানা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা বাধার সম্মুখীন হন।

তারা জানান, হাসপাতালের সবকটি প্রবেশমুখ বন্ধ করে ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন সেখানে কর্মরত নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।সাংবাদিকরা হাসপাতালে ঢুকতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এসময় বাগবিতণ্ডার একপর্যায়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নকর্মীরা গণমাধ্যমকর্মীদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। এসময় কয়েকটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাও ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে মগবাজার থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে প্রবেশ করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই গণমাধ্যমকর্মীদের ওপর চরম মারমুখী আচরণ শুরু করেন হাসপাতালের নিরাপত্তাকর্মীরা এবং সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। তবে উপস্থিত ক্ষুব্ধ সাংবাদিকদের কোনো যৌক্তিক বা অপেশাদার আচরণের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

গত বুধবার (২৭ মে) সকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একসঙ্গে ছয়টি শিশুর রহস্যজনক মৃত্যু হয়। দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সরকারের পক্ষ থেকে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি তদন্ত কমিটি আগামী ৩ জুনের মধ্যে তাদের চূড়ান্ত ও বিস্তারিত তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ