Views Bangladesh Logo

গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা, আরেকজনকে ইট দিয়ে থেঁতলে আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরে টানা দুই দিনে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জয়দেবপুর মোড়ে দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে (৪০) কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার একদিন আগেই বুধবার (৬ আগস্ট) বিকালে সদর মেট্রো থানার কাছে প্রকাশ্যে নির্মম নির্যাতনের শিকার হন দৈনিক বাংলাদেশের আলো-এর সাংবাদিক আনোয়ার হোসেন। তাকে ইট দিয়ে থেঁতলে আহত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর মোড়ে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় জনমনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত তুহিন গাজীপুর জেলার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে স্থানীয় ও জাতীয় বিভিন্ন ইস্যুতে রিপোর্টিং করতেন। সাংবাদিক মহলে তিনি একজন নিষ্ঠাবান ও সংগ্রামী রিপোর্টার হিসেবে পরিচিত ছিলেন।


এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।


এর ঠিক একদিন আগে, বুধবার (৬ আগস্ট) বিকালে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার পাশে সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জয়দেবপুর রেললাইনের উত্তর পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি ফল মার্কেটের সামনে আনোয়ার হোসেনকে কয়েকজন ব্যক্তি মারতে মারতে টেনে-হিঁচড়ে রাস্তায় ফেলে নিয়ে যাচ্ছে।

ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা আনোয়ারকে এলোপাতাড়ি লাঠি ও ইট দিয়ে আঘাত করে। একপর্যায়ে এক ব্যক্তি ইট দিয়ে তার পায়ে ও শরীরে একাধিকবার আঘাত করে। এমনকি হামলাকারীদের একজন তার বুকের ওপর উঠে লাফিয়ে আঘাত করে। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরাও শুরুতে কোনো হস্তক্ষেপ করেননি। পরে একজন পুলিশ সদস্য এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।

পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

ঘটনার বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক আনোয়ার হোসেনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অপরদিকে, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ