রাজশাহীতে সাংবাদিককে ছুরিকাঘাত
রাজশাহী মহানগরীতে এক সাংবাদিককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (বিকেল ৪টা) নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক আল-ফাত্তা সামাদ (৪২) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
জানা যায়, আল-ফাত্তা সামাদ দৈনিক বার্তার নিজস্ব প্রতিবেদক এবং সিপাইপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘আর এমএস ভ্যারাইটি স্টোর’-এ অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা শ্রী রাজীব রায় তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
আহত সাংবাদিকের ভাষ্য, হামলাকারী তার বুকে ছুরি মারার চেষ্টা করলে বসার স্থান উঁচু থাকায় আঘাতটি বুকে না লেগে ডান পায়ে লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ডান পায়ে প্রায় ৫ ইঞ্চি গভীর ক্ষত হয়েছে এবং চারটি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পর্যাপ্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে।
এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযুক্ত বর্তমানে পলাতক এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে